অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক: স্বরাষ্ট্র সচিব

আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক: স্বরাষ্ট্র সচিব


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

পুলিশের কেউ কেউ ভয়ে ও চাপে পড়ে অন্যায় করেছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের মধ্যে কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। একই সঙ্গে আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

নাসিমুল গনি বলেন, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পাবি। দেশে আর যেন ‘আয়নাঘর ‘ তৈরি না হয়। এরকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন।

পুলিশের এই নাজুক অবস্থায় তাদের দিয়ে এই অপারেশন চলবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতোটা অমানবিক হতে পারেনি। আমরা পুলিশকে রিফর্ম করেছি। একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে। পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। এজন্য তাদের অ্যাক্টিভলি কাউন্সেলিং করছি।

স্বরাষ্ট্র সচিব জানান, আগামী ১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হবে। যেখানে ঢাকা ও গাজীপুরের ১৫০ জন কর্মকর্তা থাকবেন।

ডেভিল হান্টে কারা নেতৃত্ব দিচ্ছে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, এটা পুলিশি অ্যাকশন। পুলিশ কাজ করবে এবং সেনাবাহিনী এতে সহায়তা করবে।

ডেভিল হান্টে কেউ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা গতকাল থেকে কাজ শুরু করেছে। চট করে সব বলা যাবে না। যতদিন প্রয়োজন হয় ততদিন এই অপারেশন রাখা হবে।

ডেভিল হান্টের তাৎপর্য কী প্রশ্নের উত্তরে সিনিয়র সচিব বলেন, প্রতিটি অপারেশনের একটি কোড নেম হয়। এটা অপারেশনকে ফোকাস করার জন্য৷

ডেভিল হান্ট অপারেশন যারা পরিচালনা করছে তাদের ক্ষমতা কতটুকু?  এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,  পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই পাবে।

৫ আগস্টের পর যাদের নামে মামলা হয়েছে তারা ডেভিল হান্টের আওতায় আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যখন ধরবে তখনই দেখতে পারবেন।