দুইদিন ব্যাপী নানা আয়োজনে পাবনা প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কলিট তালুকদার পাবনা ॥
দুইদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গৌরব ও ঐতিহ্যের পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ১০ টায় পাবনা প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে ক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ এবং পাবনা ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আওয়াল, পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবালসহ অনেকে। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করা সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ বলেন ৬৪ বছর ধরে সাংবাদিকতার ঐক্য, আদর্শ, ঐতিহ্য ধারণ করেছে উত্তরের অন্যতম প্রাচীণতম সংগঠন পাবনা প্রেসক্লাব। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে রয়েছে এই প্রেসক্লাবের নাম। পাবনা প্রেসক্লাবের ৯ সাংবাদিক সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং ৩ জন সদস্য একুশে পদকপ্রাপ্ত। সারা দেশে সাংবাদিকদের মধ্যে বিভেদ, অনৈক্য ও সাংবাদিকদের একাধিক প্রতিষ্ঠান থাকলেও পাবনা প্রেসক্লাব সে ক্ষেত্রে ব্যতিক্রম। এই প্রতিষ্ঠান এখনও দেশের মধ্যে অখন্ড এবং ঐক্যের অন্যন্য নজির হিসেবে দৃষ্টান্ত হয়ে রয়েছে। শুক্রবার সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় দুইদিন ব্যাপী আয়োজন।