অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেওয়ানগঞ্জ, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফুর রহমান ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সাইফুর রহমান একটি ইলেকট্রনিক রাইস কুকারে খাবার রান্না করতে যান। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী শিরিনা বেগম বলেন, “আমার সংসারে এক ছেলে, এক মেয়ে। সাইফুর আজ হঠাৎ ইলেকট্রনিক রাইস কুকারে আলু সিদ্ধ করতে যায়। শেষ পর্যায়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, “বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”