অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

অসুস্থ চিত্রনায়িকা পপির মা 

ঢালিউড অভিনেত্রী পপি দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত। সম্প্রতি ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। চলতি বছরের শুরুতে পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের অভিযোগে জিডি করেছিলেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। এরপরই নিরবতা ভেঙে প্রকাশ্যে এসে পরিবারের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন একসময়ের জনপ্রিয় এ নায়িকা।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠার আগে বিভিন্ন অনুষ্ঠানে মায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে। তবে এখন মায়ের খোঁজ খবর রাখেন না পপি। অভিনেত্রীর মায়ের দেখাশোনা করছেন পপির বোন পারভীনা। গত ২১ জুন অসুস্থ মাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন পারভীনা।

এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে মা নানা রোগে ভুগছেন। এই ভালো, এই খারাপ—এভাবেই যাচ্ছে দিন। ডাক্তার রক্ত পরীক্ষা লিখে দিয়েছেন। সেটাই করতে এলাম। মা চিন্তায় চিন্তায় আরও অসুস্থ হয়ে যাচ্ছেন।’

চিন্তার কারণ জানতে চাইলে গণমাধ্যমকে পপির বোন বলেন, ‘সবই তো আপনারা জানেন। পপি আমাদের সম্পত্তি বেআইনিভাবে নিজের নামে করে নিয়েছেন। মাঝে খুলনায় গিয়ে ঝামেলা করেছে। তার সঙ্গে আমাদের দীর্ঘ সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। সবকিছু মিলিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণে মায়ের অসুস্থতার অন্যতম কারণ।’

পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। তিনি বলেন, ‘পপি আমাদের কোনো খোঁজখবর নেয় না। খোঁজখবর তো দূরের কথা, অনেক বছর ধরে আমার ভরণপোষণের দায়িত্বও পালন করে না। তা নিয়ে আমার আফসোস নেই। তবে অন্যায়ভাবে ভাই-বোনদের জমি নিজের নামে করে নিয়েছে।’

এর আগে মা এবং বোনের জমি দখলের অভিযোগ রীতিমতো অসত্য বলে দাবি করেছেন পপি। অভিনেত্রীর ভাষ্য, সিনেমা করেই তার যত আয়, এর বেশির ভাগই নিয়েছেন তার মা-বাবা ও ভাই-বোনেরা। তিনি এতটা অসহায় হয়ে পড়েন, যখন তার কয়েক কোটি টাকা সরিয়ে ফেলা হয়। এমনকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও জানান। একটা সময় এতটা অসহায় হয়ে যান যে তার শরীর ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না।

বাবার সম্পত্তি দখলের অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন পপি। নিজেকে বাঁচাতে হাত ধরেন আদনান কামালের। তার খারাপ সময়ে স্বামীই শেষ আশ্রয় দিয়েছিল বলে জানান পপি। সেই সংসারেও অশান্তির চেষ্টা চালায় মায়ের পরিবার। তা নিয়েও আক্ষেপ করেছেন এই নায়িকা।