খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী উদ্বোধন
জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনধি।
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই-তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর,জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে স্থানীয় নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী।
আজ (২৯ জানুয়ারি) বুধবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুজ্জামান চৌধুরী।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) রুমানা আক্তার উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে রয়েছে ২০ টি স্টল। যেখানে নিজেদের তৈরি ৫০ থেকে ৬০ ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাক ও নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।
আজ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ।#