এবার স্ত্রী, দুর্নীতি এবং গোপন কমিটির বিরুদ্ধে প্রতিবাদের ঝড়
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার | মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। দুর্নীতি চালু রাখতে গোপনে তার স্ত্রীকে এবার ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি করা হয়েছে। অবৈধ পন্থায় গঠন করা ম্যানেজিং কমিটি বাতিল এবং দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ আইনী ব্যবস্থা গ্রহণ করবেন এমন দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন সোহেল রানা। বক্তব্য রাখেন শিক্ষক কামরুজামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয়দের পক্ষে সোহেল রানা জানান, একরামুল হকের পিতা মরহুম মোজাম্মেল হকসহ এলাকার আরও অনেকে প্রতিষ্ঠাকালিন সদস্য। একরামুল হক তাজু বিগত সরকারের আমলে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে একটানা ১২ বছর যাবৎ সভাপতির দায়িত্বে ছিলেন। এসময় তিনি মাদ্রাসাটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। গ্রামের অনেক মানুষের দান-অনুদানে মাদ্রাসাটি তৈরি হয়। কিন্তু ২০০৯ সালে সে নিজ ক্ষমতাবলে তার পিতা মরহম মোজাম্মেল হককে একক প্রতিষ্ঠাতা দেখিয়ে রেজুলেশনভুক্ত করেন এবং ম্যানেজিং কমিটিতে আজীবন একজন প্রতিষ্ঠাতা সদস্য রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আজীবন সদস্যর ছেলে হিসেবে ইকরামুল হক তাজু মাদ্রসার ম্যানেজিং কমিটির একজন সদস্য হতে পারছেন। এছাড়াও নৈশ প্রহরী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকার মানুষের দাবী। নৈশ প্রহরী আশরাফুল ইসলামকে অবৈধভাবে কয়েক দফা বয়স কমিয়ে সুবিধা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
৫ আগষ্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন ইকরামুল হক তাজু। তবে মাদ্রাসার কর্তৃত্ব ছাড়েননি। এলাকার মানুষের তীব্র প্রতিবাদের মুখেও তিনি গোপনে তার স্ত্রী নার্গিসকে সভাপতি মনোনীত করে বোর্ড থেকে অনুমোদন করিয়েছেন। কমিটি গঠনে সকল নিয়ম নীতি ভেঙ্গে তিনি এ কাজটি করে এলাকার মানুষের মনে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছেন। তাই একরামুল হক তাজুর সকল দুর্নীতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা এবং অনতিবিলম্বে ম্যানেজিং কমিটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে অংশ গ্রহণকারীরা। তবে অভিযুক্ত ইকরামুল ইসলাম তাজু দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, দুর্নীতি ও কমিটি গঠনের বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।