গজারিয়ায় ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীকান্ত দাস, আদালত প্রতিবেদক ,সময় বাংলার |
মুন্সীগঞ্জের গজারিয়া ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ সোমবার (১০ মার্চ) দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় আসিফ আল আজাদ উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার বাজারের বিভিন্ন মুদি দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশনা দেন।
অভিযানে মেসার্স সাইদুল স্টোরে ধার্য্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে এবং ৪০ কার্টন বোতলজাত সয়াবিন তেল গুদামে মজুদ করে রাখা হয়েছে। সময় দোকানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত সয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের নিকট এম আর পি মূল্যে বিক্রি করার নির্দেশনা দিয়েছেন তিনি।
এছাড়াও মেসার্স সুমাইয়া স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো: নাসির উদ্দিন ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।