গজারিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত-৩
মোয়াজ্জেম হোসেন জুয়েল
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মশিউর রহমান(৫০)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি চালক’সহ ৩ জন আহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা নামক এলাকায় সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান রংপুর জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। সে লুটেরচর এলাকায় ফ্রেশ কোম্পানির কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ঢাকা থেকে এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত পৌনে ৮ টার দিকে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় পৌঁছলে
একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় বাসের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা মশিউর রহমানসহ ৪জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে এনামুল (৩২) ও মাসুম বিল্লাহ(২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারা ফ্রেশ কোম্পানির কর্মচারী ছিলেন। অপর আহত সিএনজি চালক হিমেল(৩২) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘ নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।