অসাধু কাজে বিএনপি নেতারা জড়িত থাকলে পুলিশে দিবেন : শামা ওবায়েদ
সালথা(ফরিদপুর)প্রতিনিধি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ফরিদপুরে কিছু বিএনপি নেতাদের সাথে খাতির করে কুমার নদের বালি উত্তোলনের পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। কোনো অসাধু কাজের সাথে বিএনপি নেতারা জড়িত থাকলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। বিএনপি কারো কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব।’
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী।
শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, ‘৫ আগস্টের পরে এত তাজা প্রাণের বিনিময়ে ছাত্রজনতার আন্দোলনে আত্মাহুতির পরে যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগোতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে। এখনো শুনি কুমার নদের বালি উত্তোলনের সাথে যারা আছে, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সাথে খাতির করে আবার কুমার নদের বালি উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘এই সমস্ত অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেয়া যাবে না। প্রশাসনের নিকট অনুরোধ করবো- যখন আপনারা তথ্য জানবেন, তাদের বিরুদ্ধে ত্বড়িৎ ব্যবস্থা নিবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এবিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে-খাওয়া দরিদ্র কৃষকসহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতির প্রাণবৈচিত্র্য এই নদীর ওপর নির্ভরশীল।’
তিনি ফরিদপুরের পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
শামা ওবায়েদ বলেন, ‘গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫ বছর।’
তিনি বলেন, ‘বারবার যখন বাংলাদেশের উপর আঘাত এসেছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের জানমাল বিপন্ন দশার সৃষ্টি হয়েছে; তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই কিন্তু কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশকে রক্ষা করেছে।’
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাষ্টার
সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপি নেতা নুর মোহাম্মদ নুরু, যুবদল নেতা এনায়েত হোসেন, বিএনপি নেতা মুরাদুর রহমান,আব্দুর রব মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল আলম, আনিচুর রহমান তাজুল, সোহাগ, রাজ প্রমূখ।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।
স্থানীয়রা বলেন, দিনের পর দিন কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় নদীর পাড় ধসে যাচ্ছে। নদীর তলদেশে এবড়োখেবড়ো হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করার পরেও এখনো এ অবৈধ কাণ্ড বন্ধ করা যায়নি।