প্রতিভাবান লোকসঙ্গীত শিল্পী মো. শহিদুল্লাহ। বাংলার মাটির গান নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন শহিদুল্লাহর। সেই ছোট গ্রাম থেকে তিনি আজ বিটিভির মঞ্চে নিয়মিত গান পরিবেশন করেন। জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা গ্রামে। বাবা মো. আবদুল হামিদ মাস্টার এবং মাতা প্রয়াত মরিয়ম বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ শহিদুল্লাহ স্বীয় কণ্ঠপ্রতিভাগুণে সঙ্গীত অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। সঙ্গীত চর্চার অভিজ্ঞতায় গড়ে তুলেছেন ‘শহীদ শিল্পীগোষ্ঠী’ নামের একটি সংগঠন, যা ২০২৩ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হয়। এ সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা গান ছড়িয়ে দিতে চান। কাজ করছেন নিজের একক অ্যালবামের গান নিয়ে।
ছোটবেলা থেকেই বেতার ও টেলিভিশনের গান শুনে গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন মো. শহিদুল্লাহ। গ্রামে থাকাকালীন সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসিত হন। পরবর্তীতে ঢাকায় থেকে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে লোকসঙ্গীত বিভাগে প্রথম শ্রেণিতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।
বাফায় গান শেখার সময় উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফজলুল হকের ছেলে ফায়জুল হক বিজয়, হাসান একরামুল্লাহ ও নাসরিন খান-এর কাছে। পাশাপাশি ছায়ানটে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন লাবলু, এবং বাফার লোকসঙ্গীত বিভাগের প্রয়াত শিক্ষক সেলিম রেজা ও আবু সাঈদ সরকার-এর কাছে। এরপর ২০১৩ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশন, ২০১৮ সালের ২২ জানুয়ারি বাংলাদেশ বেতার এবং ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত হন মো. শহিদুল্লাহ।
মো. শহিদুল্লাহ লেখাপড়া করেন কাঙ্গাল কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, টনকী জোবায়দা জব্বার হাইস্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি, ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে ২০০৫ সালে অনার্সসহ এবং ২০০৬ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পেশাজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পর বর্তমানে তিনি দৈনিক জনকণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত আছেন।
সঙ্গীতচর্চা ও সাংবাদিকতার পাশাপাশি ২০১৫ সালের ৩ জুন স্ত্রী সনি আক্তার-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে স্ত্রী সনি আক্তার এবং মাইমুনা শহীদ সূচি নামে ৯ বছরের মেয়েকে নিয়ে শিল্পীর ছোট্ট সংসার।