উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর
জামালপুর জেলার ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে এবং জনাব হালিমের প্রত্যক্ষ সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামপুর রেলগেট বাবু মার্কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম আব্দুল হালিম বলেন, “জনগণের স্বপ্ন পূরণ এবং তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত, সৎ ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন পেতে এর কোনো বিকল্প নেই।”
তিনি ছাত্রদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।