নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিলেন তারেক রহমান
স্টাফ করেসপন্ডেন্ট, সময় বাংলার ।
পতিত হাসিনা সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করে।
এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে ২৫ জুন পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর স্ত্রী ও নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা সন্তান নিয়ে পরিবারটি অসহায় অবস্থায় জীবনযাপন করছিল। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।